মালয়েশিয়া থেকে অবৈধ সমুদ্রপথে ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশে ঢোকার চেষ্টা করার সময় ৮ জন বাংলাদেশিসহ মোট ১৬ জন অভিবাসীকে আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। গত ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার দুমাই শহরের পুরনামা উপকূলীয় এলাকা থেকে তাঁদের আটক করা হয়। ইন্দোনেশিয়ার গণমাধ্যম ‘দ্য জাকার্তা পোস্ট’-এর বরাতে নিশ্চিত হওয়া গেছে যে, আটককৃতদের মধ্যে ৮ জন বাংলাদেশি এবং বাকি ৮ জন ইন্দোনেশিয়ার স্থানীয় নাগরিক।
দুমাই নৌঘাঁটির ‘কুইক রেসপন্স টিম’ ও নৌবাহিনীর যৌথ গোয়েন্দা দল গোপন তথ্যের ভিত্তিতে দুটি ইঞ্জিনবিশিষ্ট একটি দ্রুতগামী স্পিডবোটে তল্লাশি চালিয়ে এই অভিযান সম্পন্ন করে। বর্তমানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ সীমান্ত অতিক্রমের আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।




