দালালের ফাঁদ এড়িয়ে এবং ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পরিহার করে বৈধ উপায়ে বাংলাদেশ থেকে ইতালিতে কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হয়েছে। সরকারি ও আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতি বছর গড়ে প্রায় ১০ হাজার বাংলাদেশি শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ পাচ্ছেন। মানবপাচার ও ভূমধ্যসাগরে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে উভয় দেশের যৌথ উদ্যোগ ও জনসচেতনতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এই কার্যক্রম জোরদার করা হচ্ছে।
শ্রম অভিবাসনের পাশাপাশি বাংলাদেশ ও ইতালির মধ্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং খাদ্য অপচয় রোধেও প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ইতালির মিলান শহরের সফল অভিজ্ঞতা ও ব্যবস্থাপনা মডেলের আলোকে বাংলাদেশে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। নিরাপদ প্রক্রিয়ায় দক্ষ কর্মী পাঠানো নিশ্চিত করা গেলে ইউরোপের এই দেশটির শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




