অ্যাপলের আগেই বাজারে বড় চাল হুয়াওয়ের

0
15
অ্যাপলের আগেই বাজারে বড় চাল হুয়াওয়ের
অ্যাপলের আগেই বাজারে বড় চাল হুয়াওয়ের

ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠেছে। অ্যাপলের নতুন আইফোন উন্মোচনের মাত্র কয়েক দিন আগে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে বাজারে এনেছে নতুন প্রজন্মের ফোল্ডেবল ফোন। একই দিনে প্রতিদ্বন্দ্বী শাওমিও উন্মোচন করেছে তাদের নতুন ফোল্ডেবল ডিভাইস। ফলে চীনের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে হুয়াওয়ে, শাওমি ও অ্যাপলের মধ্যে প্রতিযোগিতা নতুন মাত্রা পেয়েছে।

হুয়াওয়ের নতুন Mate XT2 সিরিজের ফোনটি দুইবার ভাঁজ করা যায়। পুরোপুরি খুললে এটি প্রায় ট্যাবলেটের আকারের বড় পর্দায় পরিণত হয়। ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোম্পানির নতুন Kirin 9050 Pro চিপ। হুয়াওয়ের দাবি, নতুন চিপটি আগের তুলনায় বেশি কম্পিউটিং ক্ষমতা দিতে পারে এবং একই সঙ্গে বিদ্যুৎ খরচ কমাতে সক্ষম।

নতুন ফোনে শুধু প্রসেসরেই পরিবর্তন আনা হয়নি। এর ভাঁজ করার কাঠামো নতুনভাবে তৈরি করা হয়েছে, বাড়ানো হয়েছে পানিরোধী সক্ষমতা এবং উন্নত করা হয়েছে ক্যামেরা। ফোনটিতে এমন একটি বিশেষ প্রাইভেসি স্ক্রিনও রয়েছে, যা পাশ থেকে তাকালে পর্দার তথ্য দেখা কঠিন করে দেয়। কোম্পানির নিজস্ব পরীক্ষায় আগের মডেলের তুলনায় সামগ্রিক পারফরম্যান্স ৪২ শতাংশ বেশি বলে দাবি করা হয়েছে।

তবে এই প্রযুক্তির দামও কম নয়। Mate XT2 সিরিজের দাম শুরু হচ্ছে ১৯,৯৯৯ ইউয়ান, যা প্রায় ২ হাজার ৯৮০ মার্কিন ডলারের সমান। সবচেয়ে দামি সংস্করণটির দাম ২৪,৯৯৯ ইউয়ান বা প্রায় ৩ হাজার ৭২৫ ডলার। ফোনটির বিক্রি শুরু হবে ১২ সেপ্টেম্বর।

হুয়াওয়ের নির্বাহী পরিচালক রিচার্ড ইউ বলেছেন, বর্তমান সময়ে ফোনের দাম নির্ধারণ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মেমোরির দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় নতুন প্রযুক্তি যুক্ত করার খরচও বেড়েছে।

হুয়াওয়ের জন্য নতুন এই ফোন শুধু একটি পণ্য নয়, প্রযুক্তিগত প্রতিযোগিতারও গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে উন্নত প্রযুক্তি ও চিপ পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই সীমাবদ্ধতার মুখে রয়েছে প্রতিষ্ঠানটি। নতুন চিপের স্থাপত্য LogicFolding, যা হুয়াওয়ের মে মাসে উন্মোচিত ‘Tau Scaling Law’ নীতির অংশ। এর মাধ্যমে নিজস্ব প্রযুক্তির ওপর নির্ভরতা বাড়ানোর চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

এদিকে একই দিনে শাওমিও বসে থাকেনি। প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে Xiaomi 18 Fold। বন্ধ অবস্থায় ফোনটি পাসপোর্টের মতো আকারের হলেও খুললে একই সঙ্গে তিনটি অ্যাপ পাশাপাশি চালানো যায়। ফোনটির ওজন ২১৯ গ্রাম এবং খোলা অবস্থায় পুরুত্ব মাত্র ৫.০২ মিলিমিটার বলে জানিয়েছেন শাওমির প্রধান নির্বাহী লেই জুন।

শাওমির দাবি, তাদের নিজস্ব XRing O3 AI প্রসেসর অ্যাপলের A19 Pro-এর তুলনায় দ্রুত সাড়া দিতে পারে। Xiaomi 18 Fold-এর দাম শুরু হচ্ছে ১০,৯৯৯ ইউয়ান থেকে এবং সর্বোচ্চ সংস্করণের দাম ১৪,৯৯৯ ইউয়ান।

এর মধ্যেই অ্যাপল বুধবার নতুন আইফোন সিরিজ উন্মোচন করতে যাচ্ছে। বাজারে জোর আলোচনা রয়েছে, এবার অ্যাপলও ফোল্ডেবল আইফোন আনতে পারে। ফলে একই সময়ে তিন প্রযুক্তি জায়ান্টের নতুন ফোল্ডেবল ফোনের প্রতিযোগিতা বিশ্ব প্রযুক্তি বাজারের নজর কেড়েছে।

চীনের বাজারে অবশ্য হুয়াওয়ে এখনো শক্ত অবস্থানে রয়েছে। গবেষণা প্রতিষ্ঠান IDC-এর হিসাবে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের স্মার্টফোন বাজারে হুয়াওয়ের দখল ছিল ২২.৬ শতাংশ। অ্যাপলের ১৮.১ শতাংশ এবং শাওমির ১২.৪ শতাংশ। ফোল্ডেবল ফোনের ক্ষেত্রে হুয়াওয়ের অবস্থান আরও শক্তিশালী। চীনে দ্বিতীয় প্রান্তিকে বিক্রি হওয়া ফোল্ডেবল ফোনের ৬৮ শতাংশই ছিল হুয়াওয়ের।

ফলে অ্যাপলের নতুন আইফোন বাজারে আসার আগেই হুয়াওয়ে ও শাওমির এই পাল্টা চাল একটি বিষয় পরিষ্কার করেছে—ফোল্ডেবল স্মার্টফোনের ভবিষ্যৎ দখলের লড়াই এখন আর একতরফা নেই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে