সেপ্টেম্বরে ইতালিতে যে ১৯ আয়োজন মিস করা যাবে না

0
20
সেপ্টেম্বরে ইতালিতে যে ১৯ আয়োজন মিস করা যাবে না
সেপ্টেম্বরে ইতালিতে যে ১৯ আয়োজন মিস করা যাবে না

গ্রীষ্মের ছুটি শেষ হয়ে সেপ্টেম্বর এলেই যেন নতুন করে প্রাণ ফিরে পায় ইতালি। দেশের বিভিন্ন শহরে শুরু হয় উৎসব, সংগীতানুষ্ঠান, চলচ্চিত্র উৎসব, ঘোড়দৌড়, শিল্প প্রদর্শনী, সাহিত্য আসর ও ঐতিহ্যবাহী নানা আয়োজন। চলতি সেপ্টেম্বরেও পর্যটক ও স্থানীয়দের জন্য এমন বেশ কিছু আয়োজন রয়েছে, যার কয়েকটি শত বছরের পুরোনো ঐতিহ্যের সঙ্গে জড়িত।

ইতালির বিভিন্ন শহরে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য ১৯টি উল্লেখযোগ্য আয়োজনের তালিকা প্রকাশ করেছে দ্য লোকাল।

মাসের শুরুতেই ভিটারবোতে হবে ফেস্তা দি সান্তা রোসা। ৩ সেপ্টেম্বর রাতে ইউনেসকোর স্বীকৃত এই উৎসবের প্রধান আকর্ষণ ‘ট্রাসপোর্টো দেলা মাচিনা’। প্রায় ৩০ মিটার উঁচু ও ৫০ টন ওজনের একটি বিশাল কাঠামো প্রায় ১০০ জন বহনকারী শহরের রাস্তা দিয়ে নিয়ে যান। শোভাযাত্রা শুরু হবে স্থানীয় সময় রাত ৯টায়।

তাসকানির তোরে দেল লাগোতে সেপ্টেম্বরের প্রথম কয়েক দিন চলবে পুচ্চিনি ফেস্টিভ্যাল। ইতালির বিখ্যাত সুরকার জিয়াকোমো পুচ্চিনির নামে আয়োজিত এই উন্মুক্ত অপেরা উৎসবে ‘লা ফানচুল্লা দেল ওয়েস্ট’ ও ‘মাদামা বাটারফ্লাই’-এর মতো অপেরা দেখার সুযোগ থাকছে।

সংগীতপ্রেমীদের জন্য মিলানে রয়েছে আই-ডেজ মিলানো। ৪, ৬ ও ১০ সেপ্টেম্বর আয়োজিত এই অনুষ্ঠানে টনি পিটোনি, ডেভিড গুয়েটা ও এএসএপি রকির পরিবেশনা রয়েছে।

এদিকে ২ থেকে ১২ সেপ্টেম্বর ভেনিসের লিডো দ্বীপে বসছে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের নতুন সিনেমা নিয়ে আয়োজিত এই উৎসবে বেশ কিছু চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ারও রয়েছে।

৬ সেপ্টেম্বর ইতালির অ্যাস্তিতে হবে ঐতিহ্যবাহী পালিও দ্য’আস্তি ঘোড়দৌড়। এর ইতিহাস ত্রয়োদশ শতকের শেষভাগ পর্যন্ত পৌঁছে যায় বলে ধারণা করা হয়। একই দিনে ভেনিসে অনুষ্ঠিত হবে বিখ্যাত রেগাতা স্তোরিকা নৌকাবাইচ। গ্র্যান্ড ক্যানাল ধরে ঐতিহ্যবাহী নৌযাত্রার পর হবে ছয়টি আলাদা প্রতিযোগিতা।

৬ থেকে ২০ সেপ্টেম্বর মিলান ও তুরিনে চলবে মি-তো সেপ্টেম্বর মিউজিকা। দুই শহরজুড়ে দুই সপ্তাহের এই ধ্রুপদি সংগীত উৎসবে ৬০টির বেশি কনসার্টের আয়োজন রয়েছে।

ফ্লোরেন্সে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফেস্তা দেলা রিফিকোলোনা। রঙিন কাগজের লণ্ঠন হাতে শহরের ঐতিহাসিক কেন্দ্র দিয়ে শোভাযাত্রাই এ উৎসবের প্রধান আকর্ষণ।

সাহিত্যপ্রেমীদের জন্য ১০ থেকে ১৩ সেপ্টেম্বর মানতুয়ায় বসছে ফেস্টিভালেতেরাতুরা। আন্তর্জাতিক লেখকদের অংশগ্রহণে পাঠ, আলোচনা ও সংগীতের নানা আয়োজন থাকবে সেখানে। একই সময় তাসকানির গ্রেভ ইন কিয়ানতিতে অনুষ্ঠিত হবে এক্সপো কিয়ানতি ক্লাসিকো, যেখানে স্থানীয় ওয়াইন প্রস্তুতকারকদের সঙ্গে দেখা করার পাশাপাশি বিভিন্ন ধরনের ওয়াইন চেখে দেখার সুযোগ থাকবে।

১২ থেকে ২০ সেপ্টেম্বর ভেনিসে ফিরছে ভেনিস গ্লাস উইক। এবারের আয়োজনটির বিশেষত্ব হলো এটি উৎসবটির দশম সংস্করণ। কাচ তৈরির কারুশিল্প, প্রদর্শনী, কর্মশালা ও মুরানোর বিভিন্ন কাচের কারখানা ঘুরে দেখার সুযোগ থাকবে।

১৩ সেপ্টেম্বর লুক্কায় হবে লুমিনারা দি সান্তা ক্রোচে। হাজারো মোমবাতি ও মশালের আলোয় ধর্মীয় শোভাযাত্রার পর আতশবাজির আয়োজনও থাকবে। একই দিনে উমব্রিয়ার ফোলিনিওতে অনুষ্ঠিত হবে মধ্যযুগীয় ঘোড়সওয়ারদের প্রতিযোগিতা জিওস্ত্রা দেলা কুইন্তানা।

১৮ থেকে ২০ সেপ্টেম্বর মোদেনা, কার্পি ও সাসুওলোতে অনুষ্ঠিত হবে ফেস্টিভালফিলোসোফিয়া। প্রায় ২০০টি অনুষ্ঠান ও ৫০টি মাস্টারক্লাস নিয়ে এই বুদ্ধিবৃত্তিক আয়োজন সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত থাকবে।

১৯ সেপ্টেম্বর নেপলসে হবে ফেস্তা দি সান জেন্নারো। শহরের পৃষ্ঠপোষক সন্তের সম্মানে আয়োজিত এই উৎসবের অন্যতম আলোচিত রীতি হলো একটি সিল করা পাত্রে রাখা সন্তের শুকনো রক্ত তরল হয় কি না, তা দেখার আনুষ্ঠানিকতা।

এ ছাড়া ১৯ সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সিসিলির ২০টি শহরে চলবে ভিয়ে দেই তেসোরি সাংস্কৃতিক উৎসব। সাধারণত দর্শনার্থীদের জন্য বন্ধ থাকা বহু বাগান, প্রাসাদ ও ঐতিহাসিক স্থাপনা এ সময় খুলে দেওয়া হবে।

অন্যদিকে ভেরোনার বিখ্যাত অপেরা উৎসবের শেষ কয়েকটি পরিবেশনাও সেপ্টেম্বরের ১২ তারিখ পর্যন্ত চলবে। মিলানে সেপ্টেম্বরের শেষ দিক পর্যন্ত বিভিন্ন স্থানে খোলা আকাশের নিচে চলচ্চিত্র দেখার সুযোগও থাকছে।

অর্থাৎ সেপ্টেম্বরজুড়ে ইতালির এক শহর থেকে আরেক শহরে ছড়িয়ে থাকবে সংস্কৃতি, ইতিহাস, সংগীত ও ঐতিহ্যের নানা আয়োজন। পর্যটকদের জন্য মাসটি তাই দেশটির পরিচিত পর্যটনকেন্দ্রের বাইরেও ইতালির স্থানীয় সংস্কৃতিকে কাছ থেকে দেখার বিশেষ সুযোগ এনে দিচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে